banglahour

রাজবাড়ীতে গণভোট প্রচারণা ও ভোটার উদ্বুদ্ধকরণ র‌্যালীর উদ্বোধন

সারাদেশ | ইমরান খান|জেলা প্রতিনিধি| রাজবাড়ী

(৯ মাস আগে) ২০ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৬:২২ অপরাহ্ন

রাজবাড়ীতে গণভোট প্রচারণা ও ভোটার উদ্বুদ্ধকরণ র‌্যালীর উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শহীদ খুশি রেলওয়ে ময়দানে র‌্যালী উদ্বোধনের আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, তথ্য ও সম্প্রচার এবং পানিসম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কোটা সংস্কার আন্দোলন ছিল দীর্ঘদিনের গৃহিত ক্ষোভের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। পরে এটি গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছিল। সেই আন্দোলনের মূল লক্ষ্য ছিল রাষ্ট্র ও সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা। তিনি বলেন, সেই পরিবর্তনের বাস্তবায়ন আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে সম্ভব হবে।

সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ও পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ। আলোচনা সভা শেষে একটি র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

রিজওয়ানা হাসান বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট—এই দুটি গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য সরকার ও নির্বাচন কমিশন প্রস্তুত। তিনি ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ করে বলেন, বহু বছর পর ভোটের সুযোগ পাওয়ায় মানুষ ভোট দিতে আগ্রহী। এছাড়া দীর্ঘ ২০ বছর ধরে রাজনৈতিক দলগুলো সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না পেয়ে এবার নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে তারা সম্পূর্ণভাবে প্রস্তুত।

তিনি আরও বলেন, জুলাই সনদে যে সুপারিশগুলো রয়েছে, সেগুলো বিভিন্ন খাতে কাঙ্ক্ষিত সংস্কার ও পরিবর্তনের প্রতিফলন। এসব সুপারিশের গুরুত্বপূর্ণ অংশকে প্রশ্ন আকারে গণভোটের মাধ্যমে জনগণের সামনে উপস্থাপন করা হয়েছে। ‘হ্যাঁ’ বিজয় হলে সেই সুপারিশ বাস্তবায়নের পথ শুরু হবে বলেও উল্লেখ করেন তিনি।

পরবর্তীতে উপদেষ্টা রিজওয়ানা হাসান রাজবাড়ী শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সেখানে তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানান এবং বলেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে দেশে আর কখনো স্বৈরাচারী শাসন ফিরে আসবে না। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, ২০ বছর পর ভোটের অধিকার ফিরে পেয়েছে—এবার সবাইকে ভোটে অংশ নিতে হবে। হ্যাঁ ভোটে বৈষম্য, শোষণ ও নিপীড়ন থেকে মুক্তি মিলবে এবং সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তিত হবে।

সমাবেশে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অতিরিক্ত সচিব (উন্নয়ন) ও প্রকল্প পরিচালক মোঃ ইয়াসীন, যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল