
(২ মাস আগে) ২০ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৮:৫৭ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, বিএনপি ও জিয়া পরিবার বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত পরিবার। দেশমাতা, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশ, মাটি ও মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। জীবিত অবস্থায় তিনি এক সন্তানকে হারিয়েছেন এবং অন্য সন্তান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ষড়যন্ত্রমূলক নির্যাতনের শিকার হয়ে নির্বাসিত জীবন কাটিয়েছেন। তবুও তিনি কখনো আপস করেননি।
তিনি বলেন, আপসহীন নেত্রীর সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান নতুন করে দেশ গড়তে এগিয়ে এসেছেন। তিনি দেশের মানুষের জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন। বিএনপি সরকার গঠন করলে পরিবার ও কৃষিভিত্তিক ‘ফ্যামেলি ও কৃষি কার্ড’ চালু করা হবে, যেখানে নারী-পুরুষ সবার জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই।
জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর (হরিপুর) ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দিনব্যাপী দোয়া মাহফিলপূর্ব প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী আরও বলেন, আগামী ২২ জানুয়ারি বিএনপি চেয়ারম্যানের সিলেট নির্বাচনী সফর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ ২০ বছর পর হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারতের মাধ্যমে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এটি সিলেটবাসীর জন্য গৌরব ও সম্মানের বিষয়। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সকাল থেকেই জনসমুদ্রে পরিণত হবে। বিএনপি চেয়ারম্যানের সিলেট সফর সারা দেশের জন্য উদাহরণ হয়ে থাকবে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, মামলা বাণিজ্য, সিন্ডিকেট, হানাহানি-হিংসা ও রাহাজানি পরিহার করে শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তুলতে হবে। আমি নির্বাচিত হলে এই এলাকার সকল সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করব। বিশেষ করে গণবসতিপূর্ণ এলাকায় প্রাথমিক শিক্ষা ও চিকিৎসাসেবার উন্নয়ন অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ এবং রাস্তাঘাটের উন্নয়ন ধারাবাহিকভাবে চলবে।
পৃথক দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশীদ, সাবেক চেয়ারম্যান এম এ মতিন, সাবেক সাধারণ সম্পাদক মুহিবুল হক মুহিব, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ জৈন্তাপুর উপজেলার সাবেক সভাপতি মাওলানা কুতুব উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুমেল আহমদ, যুবদল নেতা কবির আহমদ খান, জাহাঙ্গীর আলম, সাদিক আহমদ, ফারুক আহমদ সুইট, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহীন আলম, যুগ্ম আহ্বায়ক নাদিম আহমদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, যুগ্ম আহ্বায়ক আব্দুল মতলিব, ছালেহ আহমদসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ।