
(৯ মাস আগে) ২০ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৮:৫৯ অপরাহ্ন
চুয়াডাঙ্গায় গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভায় সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, দুর্নীতি ও স্বৈরশাসনমুক্ত বাংলাদেশের পক্ষে দাঁড়াতে হলে গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে ভোট দিতে হবে। জনগণ দুর্নীতি নয়, সংস্কার চায়। এজন্য কাঠামোগত পরিবর্তন এখন সময়ের দাবি।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শারমীন এস মুরশিদ বলেন, আন্দোলনের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের প্রতি দেশ-বিদেশের প্রায় ৯৫ শতাংশ মানুষ সমর্থন জানিয়েছেন। সরকার আসবে যাবে, কিন্তু জনগণের মৌলিক নীতি হতে হবে স্বচ্ছতা, সুশাসন এবং অধিকার নিশ্চিত করা। জনগণ সংস্কার চায়, দুর্নীতি চায় না।
তিনি আরও বলেন, গণভোট জনগণের নৈতিক অধিকার ও দায়িত্ব। গণভোটের কোনো বিকল্প নেই। ২০২৪-এর আন্দোলনের মাধ্যমে দেশ নতুন স্বপ্ন দেখেছে, আর কেউ চায় না দেশ আবার আগের মতো বিপথে ফিরে যাক। একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে সবাইকে গণভোটের পক্ষে সক্রিয় হতে হবে।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, সরকার ও রাষ্ট্র নিরপেক্ষ নয়—নৈতিক অবস্থান থেকে আমরা সংস্কারের পক্ষে দাঁড়িয়েছি। আপনি যদি ‘হ্যাঁ’ বলেন, তাহলে আপনি সংস্কারের পক্ষে দাঁড়াচ্ছেন, জুলাই অভ্যুত্থানের পক্ষে দাঁড়াচ্ছেন এবং নতুন বাংলাদেশের দরজা খুলে দিচ্ছেন।
গণভোটকে শহীদ ছাত্র-জনতার আত্মত্যাগের সঙ্গে যুক্ত করে তিনি বলেন, এই গণভোটের পক্ষে দাঁড়ানো মানে ১৪০০ শহীদের পক্ষে দাঁড়ানো, ইনসাফের পক্ষে দাঁড়ানো এবং দুর্নীতি ও স্বৈরশাসনমুক্ত বাংলাদেশের পক্ষে অবস্থান নেওয়া। যুগের পর যুগ একই কাঠামো বহাল থাকলে আবার নতুন ফ্যাসিবাদ তৈরি হবে। তাই আমরা গণভোটের পক্ষেই থাকব।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, গণভোটের প্রচারের জন্য চুয়াডাঙ্গায় একাধিক প্রচার গাড়ি দিন-রাত বিভিন্ন এলাকায় কাজ করছে। সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে গণভোট সম্পন্ন করতে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, জনগণ নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে এবং এই গণভোট রাষ্ট্র সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. হাদি জিয়া উদ্দিন আহমেদ, চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের উপ-পরিচালক মেজর মাসুদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম. তারিক-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশীসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি এবং সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।