
(৯ মাস আগে) ২০ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৯:০৭ অপরাহ্ন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের নিখড়হাটির উত্তরপাড়া এলাকায় কুমার নদী থেকে নিখোঁজের একদিন পর বিএনপি কর্মী ফিরোজ শেখ (৫২)-এর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ফিরোজ শেখ নগরকান্দা উপজেলার নিখড়হাটি পশ্চিমপাড়ার বাসিন্দা এবং মৃত শাহজাহান শেখের ছেলে। তিনি সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে নগরকান্দা থানা পুলিশ কুমার নদী থেকে তার লাশ উদ্ধার করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিখড়হাটির উত্তরপাড়া এলাকায় কুমার নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে এবং পরিচয় শনাক্ত করে।
নিহত ফিরোজ শেখ বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি নিখড়হাটি এলাকার বিএনপির নির্বাচনী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্থানীয়দের দাবি, তিনি গত কয়েকদিন ধরে বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদের পক্ষে এলাকায় নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছিলেন।
এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল সামদানী আযাদ বলেন, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে কুমার নদী থেকে ফিরোজ শেখের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানায়, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।