
(২ মাস আগে) ২১ জানুয়ারি ২০২৬, বুধবার, ১:৪৯ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে পার্বত্য রাঙ্গামাটি-২৯৯ আসনে প্রতিদ্বন্দ্বী সাতজন প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী প্রার্থীদের হাতে প্রতীকসংবলিত বরাদ্দপত্র তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. শফিকুল রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন— বিএনপির দীপেন দেওয়ান (ধানের শীষ), ১১ দলীয় জোটভুক্ত বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ আবু বকর ছিদ্দিক (রিকশা), স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা (ফুটবল), বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা (কোদাল), জাতীয় পার্টির অশোক তালুকদার (নাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জসিম উদ্দিন (হাতপাখা) এবং গণঅধিকার পরিষদের মো. আবুল বাশার (ট্রাক)।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে অংশগ্রহণকারী অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী ও সমর্থকরা উপস্থিত থাকলেও গণঅধিকার পরিষদের প্রার্থী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি।
এর আগে রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী প্রার্থী ও তাঁদের সমর্থকদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণবিধি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেন এবং বিধি মেনে চলার আহ্বান জানান।
প্রতীক বরাদ্দের পর বেশ কয়েকজন প্রার্থী নির্বাচনী প্রচারণা শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।