
(২ মাস আগে) ২১ জানুয়ারি ২০২৬, বুধবার, ১:৫৪ অপরাহ্ন
উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তাঁদের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে নিজ নিজ প্রতীক গ্রহণ করেন।
ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনে মোট ৬৬ জন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা নির্বাচনী প্রচারণা ও জনসংযোগে নামার প্রস্তুতি নিচ্ছেন এবং বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রতিশ্রুতির কথা তুলে ধরছেন।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের বিএনপি প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করে সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদী।