
(২ মাস আগে) ২১ জানুয়ারি ২০২৬, বুধবার, ৫:০০ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ৪০ জন প্রার্থীর মধ্যে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের ৩২ জন এবং স্বতন্ত্র ৮ জন প্রার্থী রয়েছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে একজন মার্কসবাদী ও একজন নারী প্রার্থীও অন্তর্ভুক্ত রয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা প্রার্থীদের হাতে প্রতীকসংবলিত বরাদ্দপত্র তুলে দেন।
প্রতীক বরাদ্দ কার্যক্রমের শুরুতে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের ৮ জন, গাইবান্ধা-২ (গাইবান্ধা সদর) আসনের ৭ জন এবং গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনের ১০ জন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে প্রতীক বিতরণ করা হয়।
পরবর্তীতে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের ৬ জন এবং গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনের ৯ জনসহ মোট ১৫ জন প্রার্থীর হাতে প্রতীক তুলে দেওয়া হয়।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে নিজ নিজ আসনের বিএনপি, জামায়াতে ইসলামি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী এবং তাঁদের সমর্থকরা উপস্থিত ছিলেন।
এ সময় রিটার্নিং অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা প্রার্থী ও তাঁদের সমর্থকদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণবিধি সম্পর্কে দিকনির্দেশনা দেন এবং শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারণা পরিচালনার জন্য সবার প্রতি আহ্বান জানান।
প্রতীক বরাদ্দ শেষে অধিকাংশ প্রার্থী নির্বাচনী প্রচারণা ও জনসংযোগ কার্যক্রম শুরুর প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।