banglahour

চুয়াডাঙ্গায় মৎস্য খাতের বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত

অর্থনীতি | রিফাত রহমান|জেলা প্রতিনিধি |চুয়াডাঙ্গা

(২ মাস আগে) ২১ জানুয়ারি ২০২৬, বুধবার, ৫:০৬ অপরাহ্ন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোষাঘাটা গ্রামে মৎস্য খাতের উদ্যোগে বাজার সংযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টায় কোষাঘাটা গ্রামের গো গ্রিন সেন্টার মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য চাষের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন জেলা মৎস্য কর্মকর্তা ফরহাদুর রেজা। তিনি বলেন, মাছ আহরণের পর বাজারজাতকরণের সময় অসতর্কতার কারণে একজন চাষির বছরে প্রায় ১৮ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ক্ষতি হচ্ছে। মাছ আহরণ ও সংরক্ষণে ত্রুটি থাকলে ১৫ থেকে ২০ শতাংশ মাছের গুণগত মান নষ্ট হয়ে যায়, যার ফলে চাষিরা উৎপাদিত মাছ বিক্রির সময় আর্থিক ক্ষতির মুখে পড়েন। এ কারণে মৎস্য আহরণ ও বাজারজাতকরণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।

কর্মশালায় মৎস্য চাষ ও আধুনিক চাষ পদ্ধতি বিষয়ে আলোচনা করেন ওয়েভ ফাউন্ডেশনের বাস্তুতন্ত্র প্রকল্পের সমন্বয়কারী সাখাওয়াত হোসেন, কৃষি কর্মকর্তা ফায়সাল মাহমুদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সুফিয়ান খান এবং ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ।

এর আগে কর্মশালার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন স্মার্ট প্রকল্পের সমন্বয়কারী সরোয়ার হোসাইন। মৎস্য চাষের বর্তমান কার্যক্রম উপস্থাপন করেন মৎস্য কর্মকর্তা সাঈদ-উর-রহমান।

কর্মশালায় স্থানীয় প্রায় অর্ধশতাধিক মাছ চাষি অংশগ্রহণ করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল