banglahour

মুক্তাগাছায় নির্মাণ শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা, এলাকায় আতঙ্ক

অপরাধ | রিপন সারওয়ার |জেলা প্রতিনিধি | ময়মনসিংহ

(৮ মাস আগে) ২১ জানুয়ারি ২০২৬, বুধবার, ৫:২৫ অপরাহ্ন

ময়মনসিংহের মুক্তাগাছায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নির্মাণ শ্রমিক শফিকুল ইসলাম (৩৯) নিহত হয়েছেন। মঙ্গলবার রাত আনুমানিক পৌনে ১২টার দিকে উপজেলার কুমারগাতা ইউনিয়নের শ্যামপুর ঘোষবাড়ী (পুলিশ মোড়) এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের মধ্যে ওই এলাকায় ভয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিহত শফিকুল ইসলাম ওই এলাকার কাশেম আলীর বড় ছেলে। তিনি পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শফিকুল নিজ বাড়িতে অবস্থান করছিলেন। রাত সাড়ে ১১টার দিকে একদল দুর্বৃত্ত বাড়িতে ঢুকে অতর্কিতভাবে হামলা চালায়। দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে একের পর এক ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শফিকুলকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর শ্যামপুর ঘোষবাড়ী এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড আমাদের সবাইকে আতঙ্কিত করেছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” একই এলাকার বাসিন্দা লাকী আক্তার বলেন, “কোনো হত্যাই মেনে নেওয়া যায় না। যারা শফিকুলকে হত্যা করেছে, তাদের সর্বোচ্চ শাস্তি চাই।”

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: লুৎফুর রহমান বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী মোছা: লাবনী আক্তার ও মেয়ে ইভাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে এবং দ্রুতই আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে আশা করা হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল