banglahour

ফরিদপুরে ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়িপেটা

অপরাধ | ফরিদপুর প্রতিনিধি।

(৮ মাস আগে) ২১ জানুয়ারি ২০২৬, বুধবার, ৮:৩৩ অপরাহ্ন

ফরিদপুরে ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় শেখ সিয়াম নামের এক এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় বখাটেরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ আশিক খান (২৩) নামের এক যুবককে আটক করেছে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ফরিদপুর শহরের টেপাখোলা এলাকার নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয় চত্বরে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন বখাটে যুবক বিদ্যালয় এলাকায় প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ শুরু করে। এ সময় প্রতিবাদ করায় তারা এসএসসি পরীক্ষার্থী শেখ সিয়ামকে লক্ষ্য করে হামলা চালায়।

আহত শেখ সিয়াম বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রোকেয়া বেগম জানান, দীর্ঘদিন ধরে কয়েকজন বখাটে যুবক ছাত্রীদের আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল। বুধবার দুপুরে শিক্ষকরা তাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য বললে বখাটেদের সঙ্গে শিক্ষকদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বখাটেরা হাতুড়ি নিয়ে শিক্ষকদের ওপর হামলার চেষ্টা করলে শেখ সিয়াম বাধা দেয়। তখন বখাটেরা তাকে হাতুড়ি দিয়ে আঘাত করে। এতে তার মাথায় গুরুতর জখম হয়।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে আশিক খান নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে স্থানীয় অভিভাবক ও সচেতন মহল দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল