banglahour

তারেক রহমানের হস্তক্ষেপে ধানের শীষ ফিরে পাওয়ার দাবি বিএনপি প্রার্থীর

রাজনীতি | জেলা প্রতিনিধি | ফরিদপুর

(২ মাস আগে) ২২ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ১০:১০ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম দাবি করেছেন, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপে তিনি ধানের শীষ প্রতীক ফিরে পেয়েছেন।

বুধবার বিকেলে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ দাবি করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের বিএনপি প্রার্থী নায়াব ইউসুফ আহমেদ এবং ফরিদপুর-৪ আসনের প্রার্থী ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ফরিদপুরের চারটি আসনের মধ্যে ফরিদপুর-১ আসনটি ব্যতিক্রমধর্মী। দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের মধ্য দিয়ে তিনি নানা চক্রান্ত ও আইনি বাধা অতিক্রম করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, সর্বশেষ আদালতের মাধ্যমে বাধা দূর হলেও দলের শীর্ষ নেতৃত্বের সক্রিয় ভূমিকায় তিনি ধানের শীষ প্রতীক গ্রহণ করতে পেরেছেন। তিনি সকলের দোয়া কামনা করে ফরিদপুরের চারটি আসনেই ধানের শীষ প্রতীকের বিজয় প্রত্যাশা করেন।

তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিয়ে ফরিদপুর-৪ আসনের প্রার্থী মো. শহিদুল ইসলাম বলেন, খন্দকার নাসিরুল ইসলাম দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী। বিভিন্ন ষড়যন্ত্র ও আইনি চড়াই-উৎরাই পেরিয়ে তিনি আদালতে বৈধতা নিশ্চিত করে প্রতীক পেয়েছেন। এ বিষয়ে ভিন্ন ব্যাখ্যার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, খন্দকার নাসিরুল ইসলামের হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তুলে তাঁর প্রার্থীতা বাতিলের আবেদন করেছিলেন জাতীয় ঐক্যজোটের প্রার্থী শাহ মোহাম্মদ আবু জাফর। নির্বাচন কমিশন আবেদনটি খারিজ করে তাঁকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করে। পরবর্তীতে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে শাহ মোহাম্মদ আবু জাফর তাঁর প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

এ বিষয়ে শাহ মোহাম্মদ আবু জাফর বলেন, তিনি নির্বাচন কমিশনে আবেদন করলেও তা গ্রহণ করা হয়নি এবং পরে আর কোনো রিট করেননি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল