banglahour

কিশোরগঞ্জে দুই বিদ্রোহী প্রার্থী বহিষ্কার বিএনপি থেকে

রাজনীতি | সোহেল চৌধুরী |জেলা প্রতিনিধি| কিশোরগঞ্জ

(২ মাস আগে) ২২ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ১০:১২ পূর্বাহ্ন

দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্রভাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে কিশোরগঞ্জের দুই বিদ্রোহী প্রার্থীকে প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।

বুধবার (২১ জানুয়ারি) রাতে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত দুই নেতা হলেন—বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল এবং কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সদস্য মো. রেজাউল করিম চুন্নু।

শেখ মজিবুর রহমান ইকবাল দলীয় মনোনয়ন না পেয়ে কিশোরগঞ্জ-৫ (নিকলী–বাজিতপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ এহসানুল হুদা, যিনি সম্প্রতি দলে যোগ দিয়ে মনোনয়ন পান।

অন্যদিকে, কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. রেজাউল করিম চুন্নু দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। এ আসনে বিএনপির প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় এবং দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সংশ্লিষ্ট দুই নেতাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল স্তরের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবিরের স্বাক্ষর রয়েছে।

উল্লেখ্য, শেখ মজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ-৫ আসনে হাঁস প্রতীক নিয়ে এবং সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ মো. রেজাউল করিম চুন্নু কিশোরগঞ্জ-১ আসনে মোরগ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল