
(২ মাস আগে) ২২ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৩:০৯ অপরাহ্ন
হযরত শাহ্ জামাল (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে জামালপুর–৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী, দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
প্রচার শুরুর দিনে তিনি শহরের পাথালিয়া, বকুলতলা, তমালতলা ও দয়াময়ী মোড়সহ বিভিন্ন এলাকায় পথসভায় বক্তব্য রাখেন। এ সময় তিনি সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত জামালপুর গড়ার অঙ্গীকার ব্যক্ত করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
পথসভাগুলোতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।
এদিকে প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার সকাল থেকেই জামালপুর জেলার অপর চারটি সংসদীয় আসনেও বিভিন্ন দলের প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।