
(২ মাস আগে) ২২ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৩:২৩ অপরাহ্ন
ম্যারাথন দৌড়ের মধ্য দিয়ে হালুয়াঘাটে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ–১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের উদ্যোগে ‘লেটস রান উইথ প্রিন্স’ শিরোনামে আয়োজিত ম্যারাথন দৌড়ের মাধ্যমে এই ব্যতিক্রমধর্মী প্রচারণার সূচনা হয়। ধানের শীষ প্রতীক ও প্রার্থীর ছবি সংবলিত জার্সি পরিধান করে প্রায় চার শতাধিক তরুণ ক্রিকেটার, ফুটবলার, স্বেচ্ছাসেবক ও সাংস্কৃতিক কর্মী এতে অংশ নেন।
ম্যারাথনটি হালুয়াঘাট পৌর শহরের উত্তর বাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ট্রাকস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ ভিন্নধর্মী এই নির্বাচনী প্রচারণাকে স্বাগত জানান।
ম্যারাথন শুরুর আগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, তরুণরাই দেশের সবচেয়ে বড় শক্তি। তাদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগিয়েই আলোকিত ও উন্নত হালুয়াঘাট গড়ে তোলা সম্ভব।