banglahour

উন্নয়নের নামে লুটপাট করে অর্থ বিদেশে পাচার করা হয়েছে: তারেক রহমান

রাজনীতি | বিলকিস আক্তার সুমি। ব্যুরো প্রধান সিলেট।

(২ মাস আগে) ২২ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৫:২৭ অপরাহ্ন

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৬ বছরে উন্নয়নের নাম করে দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

দুপুর সাড়ে ১২টার দিকে তারেক রহমান জনসভার মঞ্চে ওঠেন। সিলেটের আঞ্চলিক ভাষায় ‘আপনারা বালা আছইননি’ বলে বক্তব্য শুরু করেন সিলেটের দামান্দ তারেক রহমান। তাঁর বক্তব্যে সরকারের শাসনামল, অর্থনৈতিক সংকট ও গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয়টি গুরুত্ব পায়।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই মাঠ ছাড়িয়ে আশপাশের সড়কগুলোতে অবস্থান নেন নেতাকর্মীরা।

ভোর থেকেই সিলেট ও সুনামগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো মাঠ লোকে লোকারণ্য হয়ে ওঠে। নগরীর গুরুত্বপূর্ণ এলাকাজুড়ে ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর পরিবেশ সৃষ্টি হয়।

নেতাকর্মীদের হাতে দলীয় পতাকার পাশাপাশি ধানের শীষের প্রতিকৃতি এবং তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার-ফেস্টুন দেখা যায়। পুরো এলাকায় ধানের শীষ ও তারেক রহমানের স্লোগানই ছিল প্রাধান্যশীল।

প্রায় দুই দশক পর সিলেটে তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে নগরীতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সভাস্থল ও আশপাশের এলাকায় পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ে। একই সঙ্গে জনসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল