
(১০ মাস আগে) ২২ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৯:৩৭ অপরাহ্ন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনায় সকাল থেকেই প্রার্থীদের প্রচার-প্রচারণা ও গণসংযোগ শুরু হয়েছে। প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ছয়টি আসনে মোট ৩৮ জন প্রার্থী নিজ নিজ প্রতীক নিয়ে নির্বাচনী এলাকায় মাঠে নামেন।
খুলনা-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, ধানের শীষের পক্ষে এলাকায় গণজোয়ার সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেন, “ধানের শীষে ভোট দিলে খুলনার বন্ধ পাটকলগুলো চালু করার সুযোগ সৃষ্টি হবে।” বৃহস্পতিবার বিকেলে খালিশপুর ট্যাংকলরি মোড়ে আনুষ্ঠানিক গণসংযোগ শুরুর আগে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, বিএনপি নেতা মীর কায়সেদ আলী, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু, দৌলতপুর থানা বিএনপির সভাপতি মোরশেদ কামালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে তিনি নতুন রাস্তা মোড় থেকে ফুলবাড়ি গেট পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় খুলনা-৪ আসনে বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল রূপসা উপজেলার সেনের বাজার এলাকা থেকে প্রচার-প্রচারণা শুরু করেন। তার নেতৃত্বে একটি প্রচার র্যালি বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করে। এ সময় তিনি বলেন, নির্বাচিত হলে খুলনা-৪ আসনকে সন্ত্রাস, মাদক, দুর্নীতি ও বেকারত্বমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা হবে।
অন্যদিকে সকাল ১১টায় খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু খুলনা পাওয়ার হাউজ মোড় থেকে গণসংযোগ শুরু করেন। তিনি নতুন বাংলাদেশ গড়তে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এছাড়া সকাল সাড়ে ৯টায় খুলনা-৫ আসন (ডুমুরিয়া–ফুলতলা) থেকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার ধামালিয়া এলাকা থেকে মহিলা সমাবেশ ও গণসংযোগের মাধ্যমে তার নির্বাচনী কর্মসূচি শুরু করেন। পরে পথসভা ও উঠান বৈঠকে তিনি বলেন, দেশবাসীর সামনে ‘নতুন বাংলাদেশ’ ও মানবিক বাংলাদেশের স্বপ্ন তুলে ধরা হয়েছে। ইসলামী চেতনা, জুলাই আন্দোলনের চেতনা ও মহান মুক্তিযুদ্ধের মূল্যবোধে বিশ্বাসী ১০টি দল একত্রিত হয়ে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে চায়। তিনি ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার প্রধান প্রধান সমস্যা সমাধানের আশ্বাস দেন।