banglahour

ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড হবে ১২ ফেব্রুয়ারির নির্বাচন: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি। ঢাকা।

(৯ মাস আগে) ২৩ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ১০:৩৩ পূর্বাহ্ন

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ সব নির্বাচনের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকালে আসন্ন জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের অনুমোদিত নতুন শ্রম আইন, বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শুল্ক চুক্তি এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন বিপুলসংখ্যক নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে এবং অন্যান্য উন্নয়ন সহযোগীরাও পর্যবেক্ষক পাঠাবে বলে সরকার আশাবাদী।

অধ্যাপক ইউনূস বলেন,এটি হবে একটি উৎসবমুখর নির্বাচন। এটি ভবিষ্যতের ভালো নির্বাচনের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে। আসুন, আমরা আশাবাদী থাকি।

সাক্ষাতে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো তুলে ধরে তিনি জানান, আসিয়ান (ASEAN)–এর সদস্যপদ লাভে বাংলাদেশ আগ্রহী এবং এ লক্ষ্যে সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপের জন্য আবেদন করা হয়েছে। একই সঙ্গে তিনি দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে সার্ক (SAARC) পুনরুজ্জীবনের ওপর গুরুত্ব দেন।

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে যারা জয়ী হবে, যুক্তরাষ্ট্র তাদের সঙ্গেই কাজ করতে আগ্রহী। তিনি গত ১৮ মাসে অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক উদ্যোগ এবং অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন।

নতুন শ্রম আইন প্রণয়নের উদ্যোগকেও স্বাগত জানান মার্কিন রাষ্ট্রদূত।

অধ্যাপক ইউনূস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের পণ্যে শুল্ক হ্রাসের জন্য ধন্যবাদ জানান এবং চলমান বাণিজ্য আলোচনায় আরও শুল্ক কমার আশা প্রকাশ করেন।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ–যুক্তরাষ্ট্র আলোচনায় কৃষিপণ্য বাণিজ্য সম্প্রসারণ একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচিত হচ্ছে।

রোহিঙ্গা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, কক্সবাজার ও পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থানরত ১০ লাখের বেশি রোহিঙ্গা মুসলমানকে মানবিক সহায়তা অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্রের ভূমিকা প্রশংসনীয়।

সাক্ষাতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ভিসা নিষেধাজ্ঞা নীতিও আলোচনায় আসে, যা বাংলাদেশসহ ৭৫টি দেশের ক্ষেত্রে প্রযোজ্য।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল