banglahour

ষড়যন্ত্র প্রতিহত করে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের

রাজনীতি | এম এ হালিম |ভৈরব প্রতিনিধি

(৮ মাস আগে) ২৩ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ২:০৯ অপরাহ্ন

স্বাধীনতাবিরোধী চক্র আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এসব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় ভৈরব স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত কিশোরগঞ্জ জেলা বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।

তারেক রহমান বলেন, স্বাধীনতাবিরোধীরা কখনোই এ দেশের স্বাধীনতা চায়নি। তাদের কর্মকাণ্ডের কারণেই অতীতে লাখ লাখ মানুষ শহীদ হয়েছেন, মা-বোনেরা নির্যাতনের শিকার হয়েছেন। তিনি অভিযোগ করেন, তারা ভোটাধিকার নষ্ট করেছে এবং পোস্টাল ব্যালটের অপব্যবহার করেছে। বর্তমানে গ্রামে গ্রামে গিয়ে সহজ-সরল নারীদের এনআইডি কার্ড ও মোবাইল ব্যাংকিং নম্বর সংগ্রহ করা হচ্ছে বলেও তিনি সতর্ক করেন।

তিনি ভোটারদের ভোরবেলা কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনার আহ্বান জানান।

বিএনপি ক্ষমতায় এলে দরিদ্র, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে বলে জানান তারেক রহমান। পাশাপাশি কৃষকদের জন্য কৃষি কার্ড, বেকার তরুণদের প্রশিক্ষণ দিয়ে দেশ-বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন, খাল খনন এবং হাসপাতালগুলোতে চিকিৎসক ও ওষুধ সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি আরও বলেন, গত ২৫ বছর ধরে একটি ফ্যাসিস্ট সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে, হাজার হাজার মানুষকে হত্যা ও মিথ্যা মামলায় কারাবন্দি করেছে। গত ২৪ জুলাইয়ের আন্দোলনে শত শত মানুষের আত্মত্যাগের মাধ্যমে সেই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। ফলে এখন জনগণের সামনে আবার ভোট দেওয়ার সুযোগ এসেছে।

সভায় তিনি কিশোরগঞ্জ জেলার পাঁচটি আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাদের বিজয়ী করার আহ্বান জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল