
(৮ মাস আগে) ২৩ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ৭:৩৬ অপরাহ্ন
বাগেরহাটে ৯ মাসের শিশু সন্তানকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২) নামের এক গৃহবধূ। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশু নাজিম হোসেন ও তার মা কানিজ সুবর্ণা স্বর্ণালী বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও সন্তান। জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে একাধিক মামলায় যশোর কারাগারে বন্দি রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী কারাবন্দি থাকায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন স্বর্ণালী। হতাশা ও মানসিক চাপ থেকেই তিনি প্রথমে তার ৯ মাসের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। এরপর নিজ কক্ষে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
স্থানীয়রা জানান, স্বর্ণালী তার স্বামীকে মুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিলেন এবং এই বিষয়টি তাকে মানসিকভাবে দুর্বল করে তোলে। ঘটনার সময় সাদ্দামের বাড়িতে তার মা, বোন, স্ত্রী ও সন্তান একসঙ্গে বসবাস করতেন।
বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মা ও শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা ও আত্মহত্যা—ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।