banglahour

নির্বাচন সামনে রেখে খুলনার ছয় আসনে প্রার্থীদের সরব প্রচারণা

রাজনীতি | শেখ লিয়াকত হোসেন | ব্যুরো প্রধান|খুলনা

(১০ মাস আগে) ২৩ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ৭:৪১ অপরাহ্ন

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার ছয়টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা দিনব্যাপী নির্বাচনী প্রচারণা ও কর্মসূচিতে অংশ নিয়েছেন। শুক্রবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ, মতবিনিময় সভা, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং সমাবেশের মধ্য দিয়ে ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরেন প্রার্থীরা।

খুলনা-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল জুমার নামাজের পর বয়রা বাজার এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন, ধানের শীষের বিজয়ের মাধ্যমে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং বন্ধ থাকা পাটকলসহ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। পরে তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ চালান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল আলম হোসেনসহ দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অন্যদিকে খুলনা-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ডুমুরিয়া উপজেলার ঘুটুদিয়া ইউনিয়নে সকাল থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। দিনের বিভিন্ন সময়ে ফলইমারী, শিবপুর ও বাদুরগাছা এলাকায় গণসংযোগ শেষে বিকেলে ফুলতলা উপজেলায় সমাবেশ ও মিছিল করেন। রাতে তিনি আটরা গিলাতলা এলাকায় উঠান বৈঠকে অংশ নেন।

খুলনা-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু সকালে নগরীর নিউমার্কেট কাঁচাবাজার এলাকা থেকে প্রচারণা শুরু করেন। পরে শেখপাড়া বাজার, নতুন বাজার ও রূপসা আড়তসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। বিকেলে রিকশা শ্রমিকদের সমাবেশ এবং সন্ধ্যায় পূর্ব বানিয়া খামার এলাকায় আরেকটি সমাবেশে অংশ নেন তিনি।

খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল দিনের কর্মসূচি শুরু করেন রূপসার আইসগাতি কাজীপাড়ায় ইমাম ও মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে। পরে তেরখাদা উপজেলার বিভিন্ন এলাকায় ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিকেলে পালেরহাট মাঠে ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে অংশ নেন তিনি, যেখানে সাংস্কৃতিক পরিবেশনায় ভোটারদের সঙ্গে মতবিনিময় হয়। রাতে দিঘলিয়া ও রূপসা এলাকায় সনাতনী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় এবং একটি ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন।

এছাড়া একই আসনে জামায়াতসহ ১০ দলীয় জোটের দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইন সকাল থেকে জেলখানা এলাকা, মধুপুর, ছাগলাদাহ, তেরখাদা ও শেখপুরাসহ বিভিন্ন স্থানে নামাজ, গণসংযোগ ও মিছিলের মাধ্যমে প্রচারণা চালান।

নির্বাচনকে কেন্দ্র করে এসব কর্মসূচিতে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল