banglahour

শাহজালাল উপশহর থেকে খন্দকার মুক্তাদিরের নির্বাচনী প্রচারণা শুরু

রাজনীতি | বিলকিস আক্তার সুমি|ব্যুরো প্রধান |সিলেট

(৭ মাস আগে) ২৪ জানুয়ারি ২০২৬, শনিবার, ১০:২৪ পূর্বাহ্ন

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি ও ধানের শীষের প্রার্থী, দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির শাহজালাল উপশহর থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। গতকাল শুক্রবার তিনি নগরীর শাহজালাল উপশহরের ই ব্লক বায়তুন নাজাত জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে মুসল্লীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে গণসংযোগে অংশ নেন।

গণসংযোগকালে খন্দকার মুক্তাদির বলেন, একটি উন্নত ও বাসযোগ্য সিলেট গড়ে তোলাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। তিনি জানান, সিলেট মহানগরকে আধুনিক নগরীতে রূপান্তরের পাশাপাশি সিলেট সদর উপজেলাকে দেশের একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। নগরীর জলাবদ্ধতা নিরসন, সন্ত্রাস ও মাদক নির্মূল এবং সকল প্রকার অসামাজিক কার্যকলাপ বন্ধ করে সাধারণ মানুষের জন্য নিরাপদ ও সুন্দর সিলেট উপহার দেওয়াই তাঁর আগামী দিনের অগ্রাধিকার।

তিনি আরও বলেন, সারাদেশের মানুষ আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের যোগ্য নেতৃত্ব প্রত্যাশা করছে। ইনশাআল্লাহ, আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশে একটি কল্যাণমুখী সরকার প্রতিষ্ঠিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সহ-সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, প্রবীণ মুরব্বি হাজি আব্দুস সালাম, মসজিদের মোতায়াল্লি বদরুল আমিন হারুন, এডভোকেট বদরুল ইসলাম, ফাত্তাহ বকসি, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে বিকেল ৩টায় তোপখানাস্থ তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে সিলেট রাইডার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খন্দকার মুক্তাদির। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও সাবেক কাউন্সিলর দিলোয়ার হোসেন সজিব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রেজা আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর, মাহবুব কাদির শাহী, নুরুল মোক্তাকিন খোকন ও প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব। সভায় বিভিন্ন রাইডার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ তাঁদের মতামত তুলে ধরেন।

সন্ধ্যায় খন্দকার মুক্তাদির নগরীর মাছুদিঘীরপাড় মাঠ ও বালুচর দুর্গাবাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক অলিউর রহমান সুহেল, মহানগর বিএনপির সহ-প্রশিক্ষণ সম্পাদক বেলাল উদ্দিন, ইমরুল কয়েস ইমরান, দক্ষিণ সুরমা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুন্না ঘোষসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল