
(১০ মাস আগে) ২৪ জানুয়ারি ২০২৬, শনিবার, ১০:২৫ পূর্বাহ্ন
সিলেট-৩ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে এক নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নিয়েছেন। দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের শ্রী শ্রী রাধামাধব জিউর আখড়ায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় এম এ মালিক বলেন, নির্বাচিত হলে তাঁর রাজনৈতিক পথচলার সূচনা হবে সাধারণ মানুষের হাত ধরেই। তিনি বলেন, ধর্মীয় বিশ্বাস মানুষের অন্তরের বিষয়—এটি কারও ওপর চাপিয়ে দেওয়ার বিষয় নয়। সৃষ্টিকর্তা সম্পর্কে বিশ্বাস ভিন্ন হতে পারে, তবে সকলের লক্ষ্য এক—মানুষের কল্যাণ। সনাতনী সম্প্রদায়ের দোয়া ও সমর্থনকেই তিনি নিজের সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখেন বলে জানান।
তিনি আরও বলেন, সবসময় সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। ভোট দেওয়া জনগণের গণতান্ত্রিক অধিকার উল্লেখ করে এম এ মালিক বলেন, একজন ভাই হিসেবে তিনি সনাতনী সম্প্রদায়ের আশীর্বাদ ও সমর্থন প্রত্যাশা করেন।
বৈঠক শেষে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ এম এ মালিকের বক্তব্যে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতির রাজনীতির প্রত্যাশা জানান।
শ্রী শ্রী রাধামাধব জিউর আখড়ার সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক মল্লিক। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তোরনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।