
(৫ মাস আগে) ২৪ জানুয়ারি ২০২৬, শনিবার, ১০:২৮ পূর্বাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর জেলায় প্রায় ১৮ হাজার পোস্টাল ভোটারকে ভোটাধিকার প্রয়োগের জন্য বৈধভাবে অনুমোদন দেওয়া হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
শুক্রবার বিকেল ৫টায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার চারটি সংসদীয় আসনের পোস্টাল ব্যালট বাক্স আনুষ্ঠানিকভাবে তালাবদ্ধ করা হয়। পরে সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস।
তিনি বলেন, ফরিদপুর জেলার চারটি আসন থেকে মোট ১৮ হাজার ১০৮ জন পোস্টাল ভোটার হিসেবে নিবন্ধন করেছিলেন। যাচাই-বাছাই শেষে ১০৮টি আবেদন বাতিল ঘোষণা করা হয় এবং ১৭ হাজার ৯৮৮ জন ভোটারকে অনুমোদন দেওয়া হয়। অনুমোদিতদের মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ১১৯ জন এবং নারী ভোটার ১ হাজার ৯৭৭ জন।
আসনভিত্তিক হিসেবে ফরিদপুর-১ আসনে অনুমোদিত পোস্টাল ভোটার ৪ হাজার ৮৬১ জন, ফরিদপুর-২ আসনে ৩ হাজার ৫৫১ জন, ফরিদপুর-৩ আসনে ৩ হাজার ৮৪৫ জন এবং ফরিদপুর-৪ আসনে ৫ হাজার ৭৩১ জন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস আরও জানান, আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টায় সাধারণ ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে পোস্টাল ব্যালট বাক্সগুলো খোলা হবে। তালাবদ্ধ করার সময় প্রার্থীদের প্রতিনিধিরা ওয়ানটাইম লক ও ব্যালট বাক্সের নম্বর নথিভুক্ত করেছেন। বাক্স খোলার সময় সেই নম্বর মিলিয়ে যাচাই করা হবে।
এ সময় জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তারেক আহম্মেদ, জেলা প্রশাসনের ও নির্বাচন অফিসের কর্মকর্তারা, চারটি আসনের প্রার্থীদের প্রতিনিধিসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।