
(৫ মাস আগে) ২৪ জানুয়ারি ২০২৬, শনিবার, ১০:৩০ পূর্বাহ্ন
খুলনায় নির্বাচনী প্রচারণায় এক ভিন্নমাত্রার দৃষ্টান্ত স্থাপন করেছেন খুলনা-৪ সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল। প্রচলিত পথসভা বা বক্তব্যের বাইরে গিয়ে তিনি সরাসরি সাধারণ মানুষের মুখোমুখি হয়ে প্রশ্নোত্তরের মাধ্যমে তুলে ধরেছেন নিজের রাজনৈতিক অঙ্গীকার ও উন্নয়ন ভাবনা।
খুলনা-৪ আসনটি দিঘলিয়া, রূপসা ও তেরখাদা উপজেলা নিয়ে গঠিত। ভৈরব ও আত্রাই নদীবেষ্টিত এই জনপদের অন্যতম বড় সমস্যা হলো যোগাযোগ বিচ্ছিন্নতা। বিভাগীয় শহর খুলনার নিকটবর্তী হলেও আধুনিক যোগাযোগ ব্যবস্থা না থাকায় এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে।
বিকেলে রূপসা উপজেলার পালেরহাট বাজার মাঠে আয়োজিত ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে চ্যানেল আইয়ের জনপ্রিয় টকশো উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর সঞ্চালনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রার্থীকে সরাসরি প্রশ্ন করেন। বন্ধ শিল্পকারখানা চালু, নতুন শিল্প স্থাপন, মাদক সমস্যা, কৃষিপণ্যের ন্যায্যমূল্য, যোগাযোগ সংকট এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন নিয়ে আলোচনায় উঠে আসে নানা গুরুত্বপূর্ণ বিষয়।
আজিজুল বারী হেলাল বলেন, রূপসা ও ভৈরব নদী এই জনপদের প্রাণ হলেও অবকাঠামোগত দুর্বলতার কারণে নদী উন্নয়নের বদলে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নদীকে বাধা নয়, শক্তিতে রূপান্তর করার ওপর গুরুত্ব দিয়ে তিনি নদীকেন্দ্রিক পরিকল্পনার মাধ্যমে এলাকার টেকসই উন্নয়নের কথা তুলে ধরেন।
তরুণদের পক্ষ থেকে বেকারত্ব ও মাদক সমস্যা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্ভাবনাময় যুব সমাজ কর্মসংস্থানের অভাবে হতাশায় ভুগছে। কৃষি, মৎস্য, নদীকেন্দ্রিক ব্যবসা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে। পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ড জোরদার করে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার পরিকল্পনার কথাও জানান তিনি।
রূপসা অঞ্চলের সবজি ও মাছ চাষ প্রসঙ্গে তিনি বলেন, উৎপাদনে সফল হলেও দুর্বল যোগাযোগ ও বাজার ব্যবস্থার কারণে কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। যোগাযোগ উন্নয়ন ও আধুনিক বাজার অবকাঠামো গড়ে তুলে কৃষকদের সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দেন তিনি।
যোগাযোগ সংকট নিরসনে রূপসা নদীর ওপর দুটি সেতু নির্মাণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ভৈরব সেতুর কাজ চলমান রয়েছে এবং আরেকটি নতুন সেতু নির্মাণ হলে খুলনা-৪ আসনের অর্থনৈতিক চিত্র আমূল বদলে যাবে। নদীতীরবর্তী এলাকায় মাছ প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানিমুখী শিল্প গড়ে তুলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি।
এছাড়া তিনি জানান, এলাকাবাসীর সমস্যা সরাসরি শোনার জন্য একটি হটলাইন চালু করা হয়েছে, যেখানে তিনি নিজেই অভিযোগ গ্রহণ করে সমাধানের উদ্যোগ নেবেন।
শিক্ষা ও স্বাস্থ্য খাতে গুণগত পরিবর্তনের অঙ্গীকার করে আজিজুল বারী হেলাল বলেন, নির্বাচিত হলে এসব পরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন এবং সবসময় সাধারণ মানুষের পাশে থাকবেন।
হাজারো নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষের উপস্থিতিতে সরাসরি প্রশ্নোত্তরের এই আয়োজন খুলনা-৪ আসনের নির্বাচনী রাজনীতিতে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেন স্থানীয়রা। অভিজ্ঞ মহলের মতে, এমন উদ্যোগ আসন্ন নির্বাচনে ভোটের গতিপথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।