banglahour

উত্তরবঙ্গ হবে কৃষির রাজধানী—পঞ্চগড়ে ডা. শফিকুর রহমান

রাজনীতি | এস,এম , হাসিবুল ইসলাম| জেলা প্রতিনিধি |পঞ্চগড়

(৫ মাস আগে) ২৪ জানুয়ারি ২০২৬, শনিবার, ১০:৩৩ পূর্বাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, উত্তরবঙ্গ আর অবহেলিত থাকবে না; এ অঞ্চলকে কৃষির রাজধানীতে রূপান্তর করা হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করে উত্তরবঙ্গের ভাগ্য পরিবর্তনের অঙ্গীকারও করেন তিনি। একই সঙ্গে অন্যায়, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

শুক্রবার দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে আয়োজিত ১০ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ঢাকার বাইরে পঞ্চগড় থেকেই দেশব্যাপী ১০ দলীয় ঐক্যের নির্বাচনী প্রচারণা শুরু হয়। দুই দিনের উত্তরবঙ্গ সফরের প্রথম দিনে পঞ্চগড়ের দুটি আসনে প্রচারণার অংশ হিসেবে পঞ্চগড়-১ আসনে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের হাতে ‘শাপলা কলি’ এবং পঞ্চগড়-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শফিউল আলমের হাতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে মাঠে নামার ঘোষণা দেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। শুক্রবার সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ জনসভায় যোগ দেন। সকাল ১০টার মধ্যেই চিনিকল মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পঞ্চগড়-১ আসনে জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী ও উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক মো. সারজিস আলম, পঞ্চগড়-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. শফিউল আলম এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহসভাপতি ও মুখপাত্র রাসেদ প্রধান। বক্তারা বলেন, জনগণের রায় ছাড়া ক্ষমতায় থাকার সুযোগ আর নেই—এই নির্বাচন হবে পরিবর্তনের নির্বাচন। নির্বাচন যেন সুষ্ঠু ও স্বচ্ছ হয়, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তারা।

জনসভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. ইকবাল হোসেইন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল