banglahour

দর্শনায় বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দিলেন মাহমুদ হাসান খান বাবু

রাজনীতি | রিফাত রহমান|জেলা প্রতিনিধি| চুয়াডাঙ্গা

(৫ মাস আগে) ২৪ জানুয়ারি ২০২৬, শনিবার, ৫:৩৯ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি দলীয় পোলিং এজেন্টদের জন্য এক নিবিড় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় দামুড়হুদা উপজেলার দর্শনা থানা ও পৌর এলাকার বিএনপি পোলিং এজেন্টদের অংশগ্রহণে স্থানীয় অংকুর আদর্শ বিদ্যালয় চত্বরে এ কর্মশালার আয়োজন করা হয়।

ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন এবং পোলিং এজেন্টদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

কর্মশালায় ভোটগ্রহণ প্রক্রিয়া, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, পোলিং এজেন্টদের দায়িত্ব ও ভোট গণনার সময় করণীয়সহ বিভিন্ন আইনগত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন মাহমুদ হাসান খান বাবুর নির্বাচনী প্রধান এজেন্ট ড. আব্দুস সবুর। তিনি বলেন, ভোটের দিন প্রতিটি কেন্দ্রে পোলিং এজেন্টদের সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, যেন ভোটের সঠিক প্রতিফলন নিশ্চিত হয়।

সহকারী প্রশিক্ষক হিসেবে জেলা কৃষকদলের আহ্বায়ক মোকাররম হোসেন হাতে-কলমে বিভিন্ন নির্বাচনী ফরম পূরণ ও কারিগরি বিষয়গুলো এজেন্টদের বুঝিয়ে দেন।

মাহমুদ হাসান খান বাবু বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পোলিং এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো অনিয়ম বরদাশত করা হবে না, আইন অনুযায়ী সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাতসহ জেলা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় দর্শনা থানার বিভিন্ন ইউনিয়নের কয়েকশ পোলিং এজেন্ট অংশ নেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল