
(৫ মাস আগে) ২৪ জানুয়ারি ২০২৬, শনিবার, ৫:৫২ অপরাহ্ন
ফ্যাসিবাদ দূর হলেও ভবিষ্যতে আবারও তা ফিরে আসার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা-২০ আসনের এনসিপি ও দশ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ।
ধামরাই পৌর এলাকার বরাত শপিং মলের একটি রেস্টুরেন্টে দশ দলীয় ঐক্যজোটের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীর স্থানীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন তিনি।
নাবিলা তাসনিদ বলেন, “আগস্টের আন্দোলনের সময় আমরা সবাই একতাবদ্ধ হয়ে সংগ্রাম করেছি। সেই সংগ্রাম এখনো শেষ হয়নি। আসন্ন জাতীয় নির্বাচন সেই আন্দোলনেরই একটি ধারাবাহিক অংশ। এই নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “জুলাই-আগস্টে আমরা সবাই মিলে যেভাবে বিজয় ছিনিয়ে এনেছি, ঠিক সেভাবেই আগামী ১২ তারিখের নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে আবারও বিজয় অর্জন করব।”
বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উভয় দলের নেতাকর্মীরা। একই সঙ্গে নির্বাচনী কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বৈঠকের সভাপতি মাওলানা কাজি আব্দুর রউফ বলেন, “ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ আমাদের ঐক্যবদ্ধ জোটের প্রার্থী। আমরা তাঁকে পূর্ণাঙ্গ সমর্থন প্রদান করেছি এবং সংঘবদ্ধভাবে কাজ করব। দশ দল একত্রিত হয়ে বিজয় ছিনিয়ে আনব, ইনশাআল্লাহ।”
বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির ঢাকা জেলা সংগঠক রাসেল মোল্লা, ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সর্দার আমিরুল ইসলামসহ জামায়াতে ইসলামীর ধামরাই উপজেলার শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।