
(৫ মাস আগে) ২৪ জানুয়ারি ২০২৬, শনিবার, ৯:০৫ অপরাহ্ন
টাঙ্গাইল-২ (গোপালপুর–ভূঞাপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর কর্মী ও সমর্থকদের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হয়েছে—এমন অভিযোগ করেছেন জামায়াত প্রার্থী মাওলানা হুমায়ুন কবীর।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ভূঞাপুর বাসস্ট্যান্ডে দশ দলীয় জোটের নির্বাচনী প্রচারণা সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
মাওলানা হুমায়ুন কবীর জানান, উপজেলার মোমিনপুর এলাকায় জামায়াতের নারী সমর্থকরা ভোটারদের কাছে ভোট চাইতে গেলে একটি পক্ষ তাদের প্রচারণায় বাধা দেয়। তিনি বলেন, “একটি সভ্য ও গণতান্ত্রিক দেশে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সবাইকে সংযত থাকার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বানও জানান জামায়াত প্রার্থী।
সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাশাপাশি দশ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।