
(৫ মাস আগে) ২৪ জানুয়ারি ২০২৬, শনিবার, ৯:০৮ অপরাহ্ন
সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াতে ইসলামীর ও ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, সিলেট একটি প্রবাসী অধ্যুষিত ও সম্ভাবনাময় ব্যবসাবান্ধব অঞ্চল। এই অঞ্চলের উন্নয়নে প্রয়োজন সৎ, যোগ্য ও দূরদর্শী নেতৃত্ব। সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
খাদিমনগরের বিসিক শিল্পনগরী এলাকায় বিসিক শিল্প মালিক পরিষদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি শিল্পকারখানায় স্থিতিশীলতা ও নিরাপদ বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
মাওলানা হাবিবুর রহমান বলেন, বর্তমানে ব্যবসায়ীদের ৩০ শতাংশ ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে, যা অত্যন্ত বেশি। জামায়াত ক্ষমতায় গেলে এই করহার কমিয়ে ১৯ শতাংশে নামিয়ে আনা হবে। একইভাবে ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ১০ শতাংশে আনার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, জামায়াত সরকার গঠন করতে পারলে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।
ভ্যাট ব্যবস্থার দুর্নীতির সমালোচনা করে তিনি বলেন, নিজেও তিনি ভ্যাটের ভুক্তভোগী। নিয়মিত হিসাব পরিশোধের পরও অতিরিক্ত ভ্যাট ও জরিমানার চাপ দেওয়া হয়েছে, যা মূলত প্রশাসনিক দুর্নীতিরই বহিঃপ্রকাশ। সেজন্য আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী বেছে নেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।
ব্যবসায়ী দিদারুল আলমের সভাপতিত্বে ও মাওলানা মোস্তাফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও সিলেট-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ড. নূরুল ইসলাম বাবুল।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন ব্যবসায়ী আলীমুল এহসান চৌধুরী, নূরে আলম, মো. গোলাম কিবরিয়া, মো. সুমন, রাশেদুল ইসলাম ও জসিম উদ্দীন খন্দকার।
এর আগে সিলেট নগরীর ক্বিন ব্রিজের মুখ থেকে ঝালোপাড়া এলাকা পর্যন্ত দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ করেন মাওলানা হাবিবুর রহমান।