banglahour

খুলনা-৪: ‘দ্বিতীয় ভৈরব সেতু’সহ উন্নয়নমুখী ইশতেহার ঘোষণা হেলালের

রাজনীতি | শেখ লিয়াকত হোসেন | ব্যুরো প্রধান| খুলনা

(৫ মাস আগে) ২৪ জানুয়ারি ২০২৬, শনিবার, ৯:১০ অপরাহ্ন

খুলনা-৪ (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আজিজুল বারী হেলাল ‘সমৃদ্ধ, নিরাপদ ও আধুনিক মডেল উপজেলা’ গড়ার প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। তিনি স্টার জুট মিল পুনরায় চালু করা, ভৈরব নদীতে দ্বিতীয় সেতু নির্মাণ, দুগ্ধ শিল্পে উন্নয়ন এবং সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ার অঙ্গীকার করেন।

শনিবার সকালে খুলনার আইচগাতিতে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ইশতেহার পাঠ করেন তিনি। তিনি বলেন, গত ১৭ বছরে এই অঞ্চলে উন্নয়ন অবহেলা, ভোটাধিকার হরণ ও স্থানীয় নেতৃত্বের ব্যর্থতা দেখা গেছে। তাই পরিবর্তনের ডাক দিয়েছেন তিনি।

যোগাযোগ ব্যবস্থা: প্রধান অগ্রাধিকার

আজিজুল বারী হেলাল বলেন, ভৈরব ও রূপসা নদী দিয়ে বিচ্ছিন্ন এই অঞ্চলকে খুলনা শহরের সঙ্গে সরাসরি যুক্ত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে।
তিনি জানান, ভৈরব নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণের মাধ্যমে রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার সঙ্গে খুলনা শহরের যোগাযোগ স্থাপন করা হবে। পাশাপাশি অসমাপ্ত নগরঘাট ও রেলিগেট সেতুর কাজ দ্রুত সম্পন্ন করা হবে।

ফেরিঘাট কেন্দ্রিক জনদুর্ভোগ কমাতে তিনি উল্লেখ করেন, রূপসা, সেনেরবাজার ও পথেরবাজার খেয়াঘাট আধুনিকীকরণ করা হবে। শস্য এলাকার গ্রামবাসী যদি ইজারা শোধ করতে সম্মত হয়, তাহলে ওই ঘাটগুলোকে টোলমুক্ত করা হবে। এছাড়া যানজট নিরসনে সড়ককে ফোর-লেন করা এবং গুরুত্বপূর্ণ মোড়ে রাউন্ডঅ্যাবাউট নির্মাণের ঘোষণা দেন তিনি।

শিল্প ও বাণিজ্য: হারানো গৌরব ফিরিয়ে আনা

খুলনার মৃতপ্রায় পাটশিল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দিয়ে হেলাল বলেন, একসময় ব্যস্ততম স্টার জুট মিল পুনরায় চালু করা হবে। পরিত্যক্ত পাটের গুদামগুলোতে ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপন করে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
সেনেরবাজার, রূপসা বাজার ও দিঘলিয়া বাজারকে আধুনিক শপিং মলের আদলে গড়ে তোলার পরিকল্পনা উল্লেখ করেন তিনি।

কৃষি ও দুগ্ধশিল্পে বিপ্লব

তিনি বলেন, তেরখাদা ও রূপসা অঞ্চলে গরুর খামারি দুধের ন্যায্য মূল্য পাচ্ছেন না। এজন্য ‘মডেল ডেইরি প্ল্যান্ট’ স্থাপন করা হবে।
মিল্কভিটা বা আড়ংয়ের মতো একটি প্রসেসিং প্ল্যান্ট নির্মাণ করে ‘রূপসা’ বা ‘তেরখাদা’ ব্র্যান্ডে প্যাকেটজাত দুধ বাজারে ছাড়া হবে।
কৃষকদের জন্য বিনামূল্যে সার-বীজ ও পচনশীল সবজির সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি।

সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স

হেলাল বলেন, ১৭ বছরে এই অঞ্চলে মাদক ও সন্ত্রাসের অভয়ারণ্য গড়ে উঠেছে, তা সমূলে নির্মূল করা হবে। তিনি প্রশাসনের কাছে দাবি জানান, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী রাজনৈতিক পরিচয় নিয়ে নয়—অপরাধী হিসেবে তাদের গ্রেপ্তার করতে হবে।
তিরখাদার দুর্গম এলাকায় দ্রুত পুলিশি সেবা পৌঁছে দিতে নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের ঘোষণা দেন তিনি।

শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া

তিনি জানান, দিঘলিয়ার হাজী গ্রামে মিনি স্টেডিয়াম আধুনিকায়ন করে ‘স্পোর্টস ভিলেজ’ গড়ে তোলা হবে।
দিঘলিয়ার আলহাজ্ব সরোয়ার খান ডিগ্রি কলেজ সরকারিকরণ, কবি কৃষ্ণচন্দ্র ইনস্টিটিউট ও তার জন্মভিটা সংরক্ষণ করে লাইব্রেরি স্থাপনের পরিকল্পনা আছে।

স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা

১০০ দিনের বিশেষ কর্মসূচির মাধ্যমে পর্যাপ্ত নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক হাসপাতালে রূপান্তরের প্রতিশ্রুতি দেন তিনি।
বিএনপির ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় তিন উপজেলার ৫০ লাখ পরিবারকে অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন।

পরিবেশ ও জলাবদ্ধতা নিরসন

লবণাক্ততা ও জলাবদ্ধতা মোকাবেলায় খাল খনন প্রকল্পের আওতায় মৃতপ্রায় খালগুলো পুনরুদ্ধার করা হবে। পানি সংকট নিরসনে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন ও নদী ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতারা, স্থানীয় দলীয় সংগঠনের নেতৃবৃন্দ ও সমর্থকরা।
সমাপ্তিতে আজিজুল বারী হেলাল বলেন, “আমি দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করব। দল-মত নির্বিশেষে আমাকে ধানের শীষে ভোট দিন, আমি আপনাদের সেবক হিসেবে কাজ করব।”

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল