
(৫ মাস আগে) ২৪ জানুয়ারি ২০২৬, শনিবার, ১১:৩৩ অপরাহ্ন
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পঞ্চগড়-১ আসনের দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ১০ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা সারজিস আলম এবং বিএনপির প্রার্থী ও দলটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের কাছে পৃথক শোকজ নোটিশ পাঠানো হয়। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
সারজিস আলমের বিরুদ্ধে অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৩ জানুয়ারি পঞ্চগড় সুগার মিল মাঠে ১০ দলীয় জোটের নির্বাচনী সভায় অনুমতি ছাড়া গেট ও তিনটি তোরণ নির্মাণ করা হয়। এছাড়া এনসিপির প্রধান ব্যতীত অন্য দলের (জামায়াত) শীর্ষ নেতার ছবি ব্যবহার করে ব্যানার ও বিলবোর্ড স্থাপন এবং রিটার্নিং অফিসারের কাছে ফেসবুক আইডি দাখিল না করেই সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে বিএনপি প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, একই দিনে পঞ্চগড় পৌর এলাকায় আচরণবিধি তদারকিতে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তার কর্মী-সমর্থকদের মাধ্যমে একাধিক অনিয়ম প্রত্যক্ষ করেন। করতোয়া সেতুর দুই পাশে বিদ্যুতের খুঁটি ও গাছে অবৈধভাবে ফেস্টুন লাগানো, তা অপসারণে বাধা ও অসৌজন্যমূলক আচরণ, নির্ধারিত মাপের বাইরে ফেস্টুন ব্যবহার, গভীর রাতে রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে অবৈধ জমায়েত, উশৃঙ্খল আচরণ এবং অনুমোদন ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার অভিযোগ করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, এসব অভিযোগের বিষয়ে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কাজী মো. সায়েমুজ্জামান বলেন, “উভয় প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। সে কারণেই শোকজ নোটিশ দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়েছে।”
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট দুই প্রার্থীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।