banglahour

ফরিদপুরে শৃঙ্খলাভঙ্গের দায়ে বিএনপির তিন নেতা বহিষ্কার

রাজনীতি | জেলা প্রতিনিধি | ফরিদপুর

(৪ মাস আগে) ২৫ জানুয়ারি ২০২৬, রবিবার, ৩:০৮ অপরাহ্ন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন—আলফাডাঙ্গা পৌর বিএনপির সহসভাপতি খুশবুর রহমান খোকন, রেজাউল করিম রেজা এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সুজা।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সকল পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত ২৫ জানুয়ারি থেকে কার্যকর হবে। একই সঙ্গে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, তিন নেতার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই তিন নেতা দলীয় প্রার্থীর বিপক্ষে গিয়ে এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চেয়েছিলেন—এমন অভিযোগের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, বহিষ্কৃত তিন নেতা বোয়ালমারী উপজেলা বিএনপির সহসভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনুর অনুসারী হিসেবে পরিচিত। গত ২৩ জানুয়ারি সন্ধ্যায় আলফাডাঙ্গায় একটি কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক আরিফুর রহমান দোলনকে নিয়ে তারা একটি নির্বাচনী বৈঠকে অংশ নেন।

উল্লেখ্য, শামসুদ্দিন মিয়া ঝুনু ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। তবে প্রয়োজনীয় কাগজপত্র সঠিক না থাকায় যাচাই-বাছাইয়ে তার প্রার্থিতা বাতিল হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল