banglahour

নজরুল ইসলাম চুন্নুর স্মরণে বরিশাল প্রেসক্লাবের শোকসভা ও সহায়তা প্রদান

সারাদেশ | ফয়সাল রাকিব| ব্যুরো প্রধান | বরিশাল

(৯ মাস আগে) ২৫ জানুয়ারি ২০২৬, রবিবার, ৩:০৯ অপরাহ্ন

বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নুর স্মরণে শোকসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় বরিশাল প্রেসক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সাংবাদিক কল্যাণ তহবিল থেকে প্রয়াত তিন সদস্য—সাবেক সভাপতি কাজী বাবুল, সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আরিফিন তুষার এবং সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চুন্নুর পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এর আগে প্রেসক্লাবের হলরুমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। পরে প্রয়াত সদস্যদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় স্মৃতিচারণমূলক বক্তব্য দেন সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ ও মেহেরুননেছা বেগম, সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, বর্তমান কমিটির সহসভাপতি হুমায়ুন কবির, সহসাধারণ সম্পাদক এম. মোফাজ্জেল, কল্যাণ তহবিলের সভাপতি কাজী আল মামুন, সাধারণ সম্পাদক কমল সেনগুপ্তসহ প্রেসক্লাবের সিনিয়র ও সাধারণ সদস্যরা।

বক্তারা বলেন, নজরুল ইসলাম চুন্নু ছিলেন অত্যন্ত নিরহংকারী ও মানবিক গুণসম্পন্ন মানুষ। সবাইকে আপন করে নেওয়ার অসাধারণ ক্ষমতা তাঁর ছিল। সমাজে এমন মানুষের সংখ্যা খুবই কম। তাঁর প্রয়াণে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

অনুষ্ঠানের শেষপর্বে প্রয়াত নজরুল ইসলাম চুন্নু, আরিফিন তুষার ও কাজী বাবুলসহ বরিশাল প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ হাজিদ হোসেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল