
(৪ মাস আগে) ২৫ জানুয়ারি ২০২৬, রবিবার, ৩:১১ অপরাহ্ন
সিলেট-৩ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক বলেছেন, সিলেট-৩ এলাকায় কোনো শ্রমিক, মেহনতি মানুষ কিংবা পেশাজীবীর ওপর অন্যায় হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ক্ষমতাবান যত বড়ই হোক, কেউ আইনের ঊর্ধ্বে থাকতে পারবে না।
ফেঞ্চুগঞ্জ সারকারখানার শ্রমিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে ফেঞ্চুগঞ্জ সারকারখানা সেন্টার কমিটি।
এম এ মালিক বলেন, তিনি নিজেও শ্রমিক জীবন থেকে উঠে এসেছেন এবং তাঁর বাবা ছিলেন একজন শ্রমিক। শ্রমিকদের কষ্ট, সংগ্রাম ও জীবনযাত্রা তিনি খুব কাছ থেকে দেখেছেন। এ কারণেই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবেও সবসময় পাশে থাকার অঙ্গীকার করেন তিনি।
তিনি আরও বলেন, শ্রমিকদের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগ ও দাবিদাওয়াগুলো গুরুত্বসহকারে নোট করা হয়েছে। প্রয়োজনীয় তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে সাম্য, মানবিকতা ও সামাজিক ন্যায়বিচার পুনঃপ্রতিষ্ঠা করা হবে উল্লেখ করে এম এ মালিক বলেন, আন্দোলন-সংগ্রামে যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের যথাযথ মর্যাদা দেওয়া হবে।
সভায় সিলেট-৩ এলাকার দীর্ঘদিনের অবহেলার চিত্র তুলে ধরে তিনি বলেন, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ অঞ্চলের রাস্তাঘাটের বেহাল দশা, নদীভাঙন এবং বিভিন্ন পেশাজীবীর দুর্দশা তিনি নিজ চোখে দেখেছেন। আগামী পাঁচ বছরে সংসদে গিয়ে এসব সমস্যার টেকসই সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
বিএনপির রাষ্ট্র সংস্কার কর্মসূচির প্রসঙ্গ টেনে এম এ মালিক বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিতকরণ, কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারপ্রতি মাসিক আর্থিক সহায়তা, স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিক্ষা খাতে সংস্কার এবং নারীদের জন্য পৃথক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে, যা পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।
তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং বলেন, “আপনারা আমাকে ভোট দিয়ে সংসদে পাঠালে আমি কথা দিয়ে কথা রাখবো ইনশাআল্লাহ।”
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ সারকারখানা সেন্টার কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম মিঠু। সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা তৈমুর হোসেন খান বিপুল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান সফি, সহসভাপতি সাদিকুর রহমান টিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সারকারখানার শ্রমিকরা।