
(৭ মাস আগে) ২৫ জানুয়ারি ২০২৬, রবিবার, ৬:৩৮ অপরাহ্ন
অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে হতদরিদ্র বিধবা রানু বেগমকে ঘর নির্মাণে সহায়তা দিয়েছে বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি)। রোববার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় বরকল ব্যাটালিয়ন সদরে আয়োজিত এক অনুষ্ঠানে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় তাকে ঢেউটিন প্রদান করা হয়।
রাঙ্গামাটির বরকল উপজেলার কলাবুনিয়া গ্রামের বিধবা নারী মোছাঃ রানু বেগমের হাতে বসতঘর নির্মাণের জন্য তিন বান ঢেউটিন তুলে দেন রাঙ্গামাটি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবীব পিএসসি। এ সময় তিনি রানু বেগমের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
প্রধান অতিথির বক্তব্যে কর্নেল আহসান হাবীব বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে বিজিবি নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত জনগণ বিজিবির এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৪৫ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সম্রাট তানভীর রহমান সাগর, সংশ্লিষ্ট কর্মকর্তারা ও গণমাধ্যমকর্মীরা।
বরকল জোন কমান্ডার বলেন, উন্নয়ন ও শান্তির ধারাবাহিকতা বজায় রাখতে জনগণ ও নিরাপত্তা বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সহায়তার মাধ্যমে বিধবা রানু বেগমের বাসস্থানের সংকট অনেকটাই লাঘব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।