banglahour

জৈন্তাপুরে ভারতীয় চোরাইপণ্যসহ ৪জন আটক

অপরাধ | মো. রেজওয়ান করিম সাব্বির|জৈন্তাপুর প্রতিনিধি |সিলেট

(৯ মাস আগে) ২৫ জানুয়ারি ২০২৬, রবিবার, ৬:৪০ অপরাহ্ন

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ভারত থেকে পাচার করা বিপুল পরিমাণ চকলেট, বিস্কুট ও মেহেদীসহ চার জনকে আটক করেছে পুলিশ। রবিবার (২৫ জানুয়ারি) জৈন্তাপুর মডেল থানা ফটকের কাছে জেলা ট্রাফিক পুলিশের চেকপোস্টে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১টা ৩০ মিনিটে জেলা ট্রাফিক পুলিশের টিম জাফলং থেকে সিলেটগামী ধূসর রঙের একটি হাইস মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৯-৬৮৮১) থামিয়ে তল্লাশি শুরু করে। গাড়িতে থাকা প্লাস্টিকের ব্যাগের অস্বাভাবিক উপস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি মডেল থানা পুলিশকে জানানো হয়। পরে থানা পুলিশ গাড়িটি কম্পাউন্ডে নিয়ে এসে আরও তল্লাশি করলে বিভিন্ন প্লাস্টিকের ব্যাগ থেকে ভারতীয় চোরাই চকলেট, বিস্কুট ও মেহেদী উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই চার ব্যক্তি স্বীকার করেন যে তারা সীমান্ত অতিক্রম করে শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য বাংলাদেশে নিয়ে আসছিলেন এবং পাচারের উদ্দেশ্যেই সিলেটগামী ছিলেন। আটককৃতদের মধ্যে দুইজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন।

আটকরা হলেন:

মোতাহার হোসেন (৪০), ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার চৌদুয়ার উত্তরপাড়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে

রবিউল আউয়াল রুবেল (৪০), কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ছোট শালঘর গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে

মমতাজ বেগম রত্না (৪৬), বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার চর পশ্চিম গ্রামের মোঃ সালাম কবিরের স্ত্রী

আনিছা রুমা (৩২), ঢাকার দক্ষিণখান গ্রামের মোবারক হোসেনের স্ত্রী

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, আটক চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল