
(৪ মাস আগে) ২৫ জানুয়ারি ২০২৬, রবিবার, ৬:৪২ অপরাহ্ন
চুয়াডাঙ্গা-১ আসনের আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের যুগীরহুদা গ্রামে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের হেনস্তার অভিযোগ উঠেছে। রবিবার (২৫ জানুয়ারি) বিকালে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে গেলে বিএনপি সমর্থকদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ৩টার দিকে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের পক্ষে জামায়াত ও তার অঙ্গসংগঠনের নারী নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চান। এ সময় এলাকার বিএনপির কিছু নারী কর্মী তাদের বাধা দেন এবং হেনস্তা করার অভিযোগ ওঠে। পরে বিএনপির পুরুষ কর্মীরাও ঘটনাস্থলে এসে জামায়াতের নারী কর্মীদের গ্রাম থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন।
পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং জামায়াতের আরও কর্মীরা সেখানে যোগ দেয়। উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা একপর্যায়ে হাতাহাতিতে পরিণত হয়। জামায়াতের নেতাকর্মীরা অভিযোগ করেন, দাওয়াতি কাজে অংশ নেওয়া নারীদের সঙ্গে অশালীন আচরণ করা হয় এবং মারধর করা হয়।
ঘটনাস্থলে খবর পেয়ে পুলিশ পৌঁছায়। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানি ইসরাইল জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে, তবে এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। স্থানীয়রা জানান, ঘটনার পর এলাকাটি উত্তপ্ত হয়ে উঠেছে।