banglahour

চা শ্রমিকদের অধিকার রক্ষায় পাশে থাকার প্রতিশ্রুতি এম এ মালিকের

রাজনীতি | বিলকিস আক্তার সুমি|ব্যুরো প্রধান |সিলেট

(৪ মাস আগে) ২৫ জানুয়ারি ২০২৬, রবিবার, ৮:০৪ অপরাহ্ন

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার ও মর্যাদা সমুন্নত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সিলেট-৩ আসনের বিএনপি প্রার্থী এম এ মালিক বলেছেন, শ্রমজীবী মানুষের কষ্ট তিনি অন্তর থেকে উপলব্ধি করেন। কারণ, তার নিজের জীবনেও শ্রমিকের অভিজ্ঞতা রয়েছে।

চা শ্রমিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-৩ সংসদীয় আসনের প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক) বলেন, “আমি আপনাদেরই একজন। একসময় নিজেও শ্রমিক হিসেবে কাজ করেছি, আমার বাবাও ছিলেন প্রবাসী শ্রমিক। তাই শ্রমিক জীবনের দুঃখ-কষ্ট আমার অজানা নয়।”

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফেরার সময় তাকে দেশের মানুষের সেবায় আত্মনিয়োগের নির্দেশ দেন। সেই দায়িত্ববোধ থেকেই তিনি গত ১৬ ডিসেম্বর নিজের ব্রিটিশ নাগরিকত্ব ও পাসপোর্ট ত্যাগ করে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

এম এ মালিক আরও বলেন, বিএনপি সব ধর্মের মানুষের মূল্যবোধে বিশ্বাস করে। মুসলমান, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ—সবাই মিলেই এ দেশ গড়ে তুলেছে। পারস্পরিক সহাবস্থান ও সম্প্রীতিই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি।

চা শ্রমিকদের দাবিদাওয়া প্রসঙ্গে তিনি জানান, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে তিনি সবসময় সোচ্চার থাকবেন এবং সংসদে তাদের দাবি জোরালোভাবে তুলে ধরবেন।

মতবিনিময় সভায় চা শ্রমিকদের নারী ও পুরুষ প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরেন। স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপি নেতারাও শ্রমিকদের অধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

সভায় উপস্থিত ছিলেন মনিপুর চা শ্রমিক নেতা ও মেম্বার মিলন কান্তি দাস, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা তৈমুর হোসেন খান বিপুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান সফি, সাধারণ সম্পাদক তছলিম আহমেদ নেহার, সাবেক ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুরাদ, সহসভাপতি সাদিকুর রহমান টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সাহেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং চা শ্রমিকরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল