
(৪ মাস আগে) ২৫ জানুয়ারি ২০২৬, রবিবার, ৯:৫৬ অপরাহ্ন
খুলনার উন্নয়ন ও জনগণের ভোটাধিকার সুরক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল।
সম্প্রতি খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় আয়োজিত ধারাবাহিক পথসভা ও গণসংযোগে তিনি বলেন, অতীতের মতো আর কাউকে জনগণের পবিত্র অধিকার ‘ভোট’ কেড়ে নিতে দেওয়া হবে না। এজন্য ১২ ফেব্রুয়ারি ভোটের দিন স্থানীয় ভোটার ও দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সজাগ থাকতে হবে।
রবিবার (২৫ জানুয়ারি) খানজাহান আলী থানাধীন যোগীপোল ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রকিবুল ইসলাম বকুল বলেন, “১২ ফেব্রুয়ারি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই দিনে যেন কোনো অশুভ শক্তি বা স্বার্থান্বেষী মহল সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করতে না পারে, সে জন্য পাড়া-মহল্লায় সবাইকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। দীর্ঘদিন ধরে মানুষ গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিল, এবার সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠার সময় এসেছে।”
খুলনার সার্বিক উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা প্রসঙ্গে তিনি বলেন, খুলনা একটি ঐতিহ্যবাহী শিল্প ও বাণিজ্যিক নগরী। এই শহরের অগ্রগতি নির্ভর করে নিরাপত্তা ও স্থিতিশীল পরিবেশের ওপর। আজ খুলনার মানুষ নিরাপদ জীবন ও স্বাভাবিক পরিবেশ প্রত্যাশা করে, যেখানে ব্যবসা-বাণিজ্য নির্বিঘ্নে পরিচালিত হবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে।
তিনি আরও বলেন, শিল্পাঞ্চল হিসেবে পরিচিত খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা এলাকার শ্রমিক ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই হবে তাদের প্রধান লক্ষ্য। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে এমন একটি খুলনা গড়ে তোলা হবে, যেখানে কারও অধিকার হরণ করা হবে না।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মীর কায়ছেদ আলী। ৮ নম্বর ওয়ার্ড নির্বাচন কমিটির আহ্বায়ক মোসাদ্দেক আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাসসহ দলীয় নেতৃবৃন্দ।
এছাড়া দোয়া মাহফিল ও পথসভাগুলোতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা ধানের শীষের পক্ষে স্লোগানে এলাকা মুখরিত করেন এবং নির্বাচনের দিন কেন্দ্র পাহারা দিয়ে ভোটাধিকার রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।