banglahour

ডাকসু নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন জামায়াত নেতা

রাজনীতি | মো. সানাউল্লাহ| জেলা প্রতিনিধি| বরগুনা

(৪ মাস আগে) ২৫ জানুয়ারি ২০২৬, রবিবার, ১০:০২ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে দেওয়া বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. শামীম আহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্য ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় তিনি এক ভিডিও বার্তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

ভিডিও বার্তায় শামীম আহসান বলেন, ২০২৪ সালের আগে ডাকসু নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নিয়ন্ত্রণে ছিল। তার দাবি অনুযায়ী, ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ছাত্রলীগের তৎকালীন সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী নেতৃত্বে সংগঠনটি ডাকসুকে প্রভাবিত করে। সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকা—বিশেষ করে সোহরাওয়ার্দী উদ্যান ও রমনা পার্ক—মাদক, চাঁদাবাজি ও নানা অনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হয়ে উঠেছিল বলে তিনি অভিযোগ করেন। এসব বিষয় বিভিন্ন সময়ে গণমাধ্যমে উঠে এসেছে বলেও দাবি করেন তিনি।

শামীম আহসান বলেন, তার বক্তব্যে মূলত নিষিদ্ধ ছাত্রলীগের ওই সময়কার কর্মকাণ্ডের কথাই তুলে ধরা হয়েছিল। তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের পর ২০২৪ সালের ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের সরাসরি ভোটে ইসলামী ছাত্রশিবিরের প্যানেল বিজয়ী হয়। এরপর থেকে ডাকসু মাদক, চাঁদাবাজি, সিট বাণিজ্য ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। তার ভাষ্য অনুযায়ী, নিষিদ্ধ ছাত্রলীগ যে নেতিবাচক ভাবমূর্তি তৈরি করেছিল, ছাত্রশিবির তা পরিবর্তন করতে সক্ষম হয়েছে।

তবে এ প্রসঙ্গে তিনি বলেন, তার বক্তব্যে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কষ্ট পেয়ে থাকেন, তাহলে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন এবং ক্ষমা প্রার্থনা করছেন।

এর আগে শনিবার রাতে বরগুনার পাথরঘাটার কাটাখালী এলাকায় বরগুনা-২ আসনে জামায়াত প্রার্থী সুলতান আহমেদের নির্বাচনী জনসভায় ডাকসু নিয়ে বিতর্কিত মন্তব্য করেন শামীম আহসান। ওই সমাবেশে তিনি বলেন, ডাকসু নির্বাচনের পর ইসলামী ছাত্রশিবির আগের পরিস্থিতির পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছে এবং দেশ থেকে দুর্নীতি ও অনিয়ম দূর করতে জামায়াতে ইসলামী ভূমিকা রাখতে পারবে।

নির্বাচনী বক্তব্যে তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী আল্লাহর সন্তুষ্টি ও পরকালের মুক্তির জন্য রাজনীতি করে। তিনি দলীয় কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান, যাতে ভবিষ্যতে ভোটকেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল