
(৪ মাস আগে) ২৬ জানুয়ারি ২০২৬, সোমবার, ১২:০৬ অপরাহ্ন
সংগৃহীত
লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় দলের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।
রোববার দুপুরে হাতিবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর কাসাইটাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রচারণা চলাকালে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।
সংঘর্ষে আহত নেতাকর্মীরা স্থানীয় হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার সূত্রপাত নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা একে অপরকে দায়ী করছেন। উভয় পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে।
সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার এবং জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, “বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে রয়েছি এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।