
(৯ মাস আগে) ২৬ জানুয়ারি ২০২৬, সোমবার, ১:৪৬ অপরাহ্ন
সাদ্দামকে প্যারোলে মুক্তির বিষয়কে কেন্দ্র করে বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) মোবাইল ফোনে হুমকির মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। রোববার (২৫ জানুয়ারি) একাধিক বিদেশি নম্বর থেকে তাদের দাপ্তরিক হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে অশ্লীল ভাষায় গালাগাল ও হুমকি দেওয়া হয়।
এ ঘটনার বিষয়টি ব্যাপক আলোচনায় আসে, যখন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার ফেসবুক আইডি থেকে পুলিশ সুপারকে ফোন করে গালাগাল ও হুমকি দেওয়ার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানিয়েছে, ভাইরাল হওয়া অডিও কথোপকথনটি সত্য বলে তারা নিশ্চিত করেছে।
অডিওতে শোনা যায়, ফোন রিসিভ করার সঙ্গে সঙ্গেই অপর প্রান্ত থেকে পুলিশ সুপারকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগাল শুরু করা হয়। এ সময় তাকে কোনো কথার সুযোগও দেওয়া হয়নি।
বিষয়টি নিশ্চিত করে বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী জানান, তিনি একাধিক হুমকিমূলক ফোন কল পেয়েছেন। কারা এবং কী উদ্দেশ্যে এসব করছে তা তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে জেলা প্রশাসক গোলাম মো. বাতেনও বিভিন্ন নম্বর থেকে হুমকিমূলক ফোন পাওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে হুমকিতে তিনি বিচলিত নন বলেও জানান। তিনি আরও বলেন, যে বিষয়টি নিয়ে এমন হুমকি দেওয়া হচ্ছে, সে ক্ষেত্রে প্রশাসন আগেও সহযোগিতার মনোভাব নিয়েই কাজ করেছে।
এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) দায়েরের তথ্য পাওয়া যায়নি।