
(৪ মাস আগে) ২৬ জানুয়ারি ২০২৬, সোমবার, ১:৫৩ অপরাহ্ন
ফরিদপুরে বিএনপিতে পুনরায় ফেরার ঘোষণার কয়েক দিনের মধ্যেই গ্রেপ্তার হয়েছেন সাবেক বিএনপি নেতা ও বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক ডাবলু। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ফরিদপুর সদরের গজারিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।
জানা যায়, ওমর ফারুক ডাবলু ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের চেয়ারম্যান এবং ওই এলাকার বাসিন্দা মোকসেদ মাতুব্বরের ছেলে। তিনি একসময় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তবে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ধীরে ধীরে দলটির সঙ্গে ঘনিষ্ঠ হন এবং ২০১৮ সালে পুরোপুরি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। পরে তৎকালীন সংসদ সদস্য ও মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন এবং কোতোয়ালি থানা আওয়ামী লীগের সহ-সভাপতির পদ লাভ করেন।
২০১১ সালে আওয়ামী লীগ নেতাদের সহায়তায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর টানা তিনবার তিনি ওই পদে নির্বাচিত হন। স্থানীয়ভাবে তিনি মন্ত্রীর ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর আত্মগোপনে যান ডাবলু। পরে পুরোনো রাজনৈতিক যোগাযোগ কাজে লাগিয়ে এলাকায় ফিরে আসেন। গত ২০ জানুয়ারি প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে অংশ নেন তিনি। ওই অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে ডাবলু প্রকাশ্যে বিএনপিতে ফিরে আসার ঘোষণা দেন এবং ফরিদপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার করেন। দলে ফেরার ঘোষণার চার দিনের মধ্যেই তার গ্রেপ্তার নিয়ে জেলায় ব্যাপক আলোচনা শুরু হয়।
জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন জানান, ডাবলু আগে বিএনপির নেতা ছিলেন, পরে দল বদল করে আওয়ামী লীগে যান। সম্প্রতি তিনি বিএনপির নির্বাচনী কার্যক্রমে অংশ নেন। তার বিরুদ্ধে মামলা থাকায় গ্রেপ্তার হয়েছে বলে তিনি শুনেছেন।
এ বিষয়ে ফরিদপুর ডিবি পুলিশের ওসি পি এম মামুনুর রশিদ বলেন, কোতোয়ালি থানায় দায়ের করা ৬ ডিসেম্বর ২০২৫ তারিখের ১৮ নম্বর মামলার সূত্রে ডাবলুকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।