banglahour

উঠান বৈঠকে খন্দকার মুক্তাদির: তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে গণজোয়ার

রাজনীতি | বিলকিস আক্তার সুমি|ব্যুরো প্রধান |সিলেট

(৪ মাস আগে) ২৬ জানুয়ারি ২০২৬, সোমবার, ৫:৩৭ অপরাহ্ন

সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর থেকে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তিনি যেখানেই যাচ্ছেন, সেখানেই মানুষের ঢল নামছে। সাধারণ মানুষ তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে ভোট দিতে মুখিয়ে রয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় সিলেট মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের চারুগাঁও এলাকায় অনুষ্ঠিত এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

খন্দকার মুক্তাদির বলেন, বিএনপি ক্ষমতায় এলে কমিউনিটি ক্লিনিক, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, চিকিৎসাসেবাসহ প্রান্তিক পর্যায় থেকে শুরু করে সব সেক্টরে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। শিক্ষার্থীদের অপুষ্টি দূর করতে স্কুলে টিফিন কর্মসূচি চালুর পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, সরকারি সহায়তায় সিলেটে শিল্পকারখানা গড়ে তুলে কর্মসংস্থানের সমস্যা সমাধান করা হবে। বিএনপির শাসনামলে হওয়া উন্নয়নের কথা স্মরণ করে তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি আবার ক্ষমতায় এলে পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি উন্নয়নের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি ফজরের নামাজের পরপরই ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে ধানের শীষ প্রতীকে প্রথম ভোট দেওয়ার জন্য ভোটারদের আহ্বান জানান তিনি।

চারুগাঁওয়ে আফাজ উদ্দিনের সভাপতিত্বে এবং জুম্মান আহমদ ও কাশেম আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক কাউন্সিলর আলতাফ হোসেন সুমন, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান শামিম ও মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন।

এর আগে ও পরে খন্দকার মুক্তাদির সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের মেদেনীমহল, দর্শা, বাছিরপুর, সুজাতপুর ও মীরেরগাঁওয়ে প্রচার মিছিল ও গণসংযোগে অংশ নেন। এ সময় সদর উপজেলা বিএনপি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া রোববার রাতে দক্ষিণ সুরমার হবিনিন্দ, কায়েস্থরাইল, মুছারগাঁও, বারোখলা, দাউদপুর ও চৌমুহনী এলাকায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকেও অংশগ্রহণ করেন তিনি।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল