
(৪ মাস আগে) ২৬ জানুয়ারি ২০২৬, সোমবার, ৫:৪১ অপরাহ্ন
রাঙ্গামাটির ২৯৯ নম্বর সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে জুরাছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল থেকে উপজেলার বনযোগীছড়া বাজার থেকে শুরু হওয়া এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙ্গামাটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
জুরাছড়ি উপজেলা বিএনপির সভাপতি অনিল বরন চাকমার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদন বিকাশ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ উপজাতি বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) মনীষ দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সহসভাপতি সাইফুল ইসলাম পনির, নবম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী মিসেস মৈত্রী চাকমাসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পথসভায় বক্তব্যে অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়ন ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে শক্তিশালী করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে। এ লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।