banglahour

রামগড়ে বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও শিক্ষা সহায়তা

স্বাস্থ্য | জেলা প্রতিনিধি | খাগড়াছড়ি

(৩ মাস আগে) ২৬ জানুয়ারি ২০২৬, সোমবার, ৫:৪৬ অপরাহ্ন

সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকার ধারাবাহিকতায় পার্বত্য খাগড়াছড়ির রামগড়ে গরিব ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ওষুধ এবং শিক্ষা সহায়তা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৬ জানুয়ারি) রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর উদ্যোগে এবং রামগড় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় রামগড় উপজেলা সদর থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে ১ নম্বর রামগড় ইউনিয়নের বনবিহার এলাকায় এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়। এতে এলাকার গরিব ও অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙালি জনগোষ্ঠীর মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ গ্রহণ করেন।

এ সময় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

পাশাপাশি শিক্ষা সহায়তার অংশ হিসেবে বনবিহার এলাকার নাকাপা ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নে একটি কম্পিউটারসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। জোন কমান্ডার নিজে উপস্থিত থেকে মাদ্রাসা কর্তৃপক্ষের হাতে কম্পিউটারটি হস্তান্তর করেন।

সংশ্লিষ্টরা জানান, এ সহায়তার ফলে দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিভিত্তিক শিক্ষার সুযোগ বাড়বে এবং শিক্ষা কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে।

দিনব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্প ও শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমে রামগড় জোনের মেডিকেল অফিসার ও সহকারী পরিচালক সার্বিক তত্ত্বাবধান করেন। স্থানীয় বাসিন্দারা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম এলাকায় এমন মানবিক সহায়তা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উল্লেখ্য, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ, শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং শিক্ষা, স্বাস্থ্য ও আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল