banglahour

খুলনার আসনগুলোতে প্রার্থীদের গণসংযোগ ও প্রচারণা জোরদার

রাজনীতি | শেখ লিয়াকত হোসেন | ব্যুরো প্রধান| খুলনা

(৪ মাস আগে) ২৬ জানুয়ারি ২০২৬, সোমবার, ৭:৪৪ অপরাহ্ন

খুলনার ছয়টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনী গণসংযোগ ও প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন। সোমবার সকাল থেকে প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং সমর্থন প্রত্যাশা করেন।

খুলনা-৩ আসন:
ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, বিএনপি স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাস করে, গুপ্ত রাজনীতিতে নয়। মহানগরের ৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগ শেষে বেগম খালেদা জিয়ার স্মরণসভায় তিনি এসব কথা বলেন। সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল খালিশপুর থানার বিভিন্ন ওয়ার্ড ও এলাকায় গণসংযোগ, পথসভা ও মিছিল করেন। তিনি ন্যায়ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

খুলনা-৪ আসন:
বিএনপির প্রার্থী আজিজুল বারী হেলাল রূপসা উপজেলার আইচগাতি থেকে গণসংযোগ শুরু করে বিভিন্ন বাজার ও আবাসিক এলাকায় প্রচারণা চালান। তিনি এলাকার উন্নয়নে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

খুলনা-২ আসন:
জামায়াতের প্রার্থী জাহাঙ্গীর হোসেন হেলাল সবুজবাগ এলাকা থেকে প্রচারণা শুরু করে বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন। তিনি ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান।
অন্যদিকে, বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু জোড়াগেট ও গ্রিনল্যান্ড আবাসিক এলাকায় গণসংযোগ করে পরিচ্ছন্ন ও সন্ত্রাসমুক্ত নগরী গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

খুলনা-৬ আসন:
জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ কয়রা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক দেশ গঠনে ইসলামী জোটের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

খুলনা-৫ ও খুলনা-১ আসন:
খুলনা-৫ আসনে জামায়াতের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নে গণসংযোগ করেন।
খুলনা-১ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীরাও নিজ নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ চালান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল