
(৪ মাস আগে) ২৬ জানুয়ারি ২০২৬, সোমবার, ৭:৪৮ অপরাহ্ন
দক্ষিণ সুরমা উপজেলায় সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে গণযোগাযোগ অধিদপ্তরের বাস্তবায়নে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ভোটের রিকশা’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসান। উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরী বলেন, গণতন্ত্রকে সুদৃঢ় করতে ভোটারদের সচেতন ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘ভোটের রিকশা’ কার্যক্রমের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ভোটের গুরুত্ব ও নাগরিক দায়িত্ব সম্পর্কে বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, এই উদ্যোগ গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে মানুষকে ভোটকেন্দ্রে যেতে উৎসাহিত করবে এবং সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে সহকারী পরিচালক রকিবুল হাসান জানান, দক্ষিণ সুরমা উপজেলার ১০টি ইউনিয়নে একযোগে ‘ভোটের রিকশা’ কার্যক্রম চালু করা হয়েছে। এ কর্মসূচির আওতায় সাধারণ মানুষকে গণভোটের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে সচেতন করা হবে। পাশাপাশি রিকশাযোগে সচেতনতামূলক গান ও বার্তা প্রচার, নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অবহিতকরণ, সিলেটের আঞ্চলিক ভাষায় নির্মিত নির্বাচনী কথামালা প্রচার এবং গণভোট সংক্রান্ত লিফলেট বিতরণ করা হবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মনোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।