banglahour

গোয়াইনঘাটে দিনব্যাপী গণসংযোগে আরিফুল হক চৌধুরী

রাজনীতি | বিলকিস আক্তার সুমি|ব্যুরো প্রধান |সিলেট

(৪ মাস আগে) ২৬ জানুয়ারি ২০২৬, সোমবার, ৭:৫০ অপরাহ্ন

বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, একটি রাষ্ট্রের টেকসই উন্নয়ন কেবল অবকাঠামোর ওপর নির্ভরশীল নয়; বরং দক্ষ মানবসম্পদই অর্থনৈতিক সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি। যুব সমাজকে কারিগরি ও আধুনিক শিক্ষায় গড়ে তুলতে পারলে তারা ব্যক্তি, পরিবার ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

গোয়াইনঘাট উপজেলার বৃহত্তর রুস্তুমপুর ও তোয়াকুল ইউনিয়নে দিনব্যাপী আয়োজিত গণসংযোগ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গোয়াইনঘাট উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন।

আরিফুল হক চৌধুরী বলেন, অনেক দেশ প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও মানবসম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে আজ বিশ্বে অগ্রগতি অর্জন করেছে। আমাদের বিপুল জনসংখ্যাকে যদি দক্ষ জনশক্তিতে রূপান্তর করা না যায়, তবে তারা দেশের জন্য বোঝা হয়ে দাঁড়াবে; আর কারিগরি শিক্ষায় দক্ষ করে তুলতে পারলে তারাই হবে অর্থনীতির মূল শক্তি।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, গোয়াইনঘাটের ১৩টি ইউনিয়নে এখনও উন্নত সড়ক যোগাযোগ, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান ও পর্যাপ্ত স্বাস্থ্যসেবার অভাব রয়েছে। কর্মসংস্থান সৃষ্টিতে শিল্প-কারখানা, হোটেল-মোটেল ও রেস্টুরেন্ট গড়ে তুলতে হবে। এজন্য বিনিয়োগবান্ধব ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি, যাতে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা নিশ্চিন্তে ব্যবসা পরিচালনা করতে পারেন।

তিনি আরও বলেন, জনগণের ভালোবাসাই তাঁর কাজের শক্তি ও অনুপ্রেরণা। সমাবেশ ও গণসংযোগ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল