banglahour

কামালবাজারে ধানের শীষের গণজোয়ার, আশাবাদী এম এ মালিক

রাজনীতি | বিলকিস আক্তার সুমি|ব্যুরো প্রধান |সিলেট

(৪ মাস আগে) ২৬ জানুয়ারি ২০২৬, সোমবার, ৮:৩৭ অপরাহ্ন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী এম এ মালিক বলেছেন, দেশজুড়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ তাদের হারানো ভোটাধিকার ফিরে পেতে উদগ্রীব এবং ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নে গণসংযোগকালে এম এ মালিক বলেন, গত ১৫ বছর ধরে বিএনপি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য ধারাবাহিক সংগ্রাম চালিয়ে যাচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবাসে থেকেও আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আর দেশের ভেতরে অসংখ্য নেতাকর্মী কারাবরণ ও আত্মত্যাগ করেছেন।

তিনি বলেন, “আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া চাইলে বিদেশে আরামদায়ক জীবন বেছে নিতে পারতেন, কিন্তু তিনি স্পষ্টভাবে জানিয়েছেন—এই দেশ ছেড়ে যাবেন না। তার এই ত্যাগ জনগণকে নতুন করে অনুপ্রাণিত করেছে।”

এম এ মালিক আরও বলেন, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জজুড়ে ধানের শীষের পক্ষে অভূতপূর্ব সাড়া মিলছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে মুসলমান, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ ধানের শীষের পক্ষে অবস্থান নিয়েছে। শিশুদের কণ্ঠে স্লোগান, নারীদের সক্রিয় অংশগ্রহণ এবং প্রবীণদের উৎসাহ প্রমাণ করে যে নির্বাচন ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ অঞ্চলের অনেক রাস্তাঘাট এখনও অনুন্নত, পর্যাপ্ত স্বাস্থ্যসেবা ও ক্রীড়া অবকাঠামোর ঘাটতি রয়েছে। নির্বাচিত হলে তিনটি উপজেলা জুড়ে তিনটি হেলথ সেন্টার, একটি স্টেডিয়াম এবং নারীদের জন্য একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির প্রসঙ্গ টেনে এম এ মালিক বলেন, এই কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক সহায়তা কার্ড, নারীদের জন্য মাসিক আর্থিক সহায়তা, কৃষক ও চা শ্রমিকদের জন্য বিশেষ কার্ড চালু করা হবে। পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের জন্য প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

তিনি বলেন, “এই এলাকার সবচেয়ে বড় সমস্যা কর্মসংস্থান। স্থানীয় ও জাতীয় পর্যায়ে শিল্পায়ন ও প্রশিক্ষণভিত্তিক কর্মসূচির মাধ্যমে তরুণদের চাকরির নিশ্চয়তা দেওয়া হবে।”

গণসংযোগ শেষে এম এ মালিক জানান, কামালবাজারের পাশাপাশি মোল্লারগাঁও এলাকাতেও দিনব্যাপী গণসংযোগ চলবে এবং জনগণের এই ব্যাপক সাড়া ধানের শীষের বিজয়কে আরও দৃঢ় করবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল